প্রকাশিত: ৫:৪০ অপরাহন, জানুয়রী ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এমন পরিস্থিতিতে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড়। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’
এদিকে, বিপিএলের দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচের সূচি রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ওই ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামতে পারেন বলে জানিয়েছেন মিঠুন।
তিনি বলেন, ‘প্রতিবাদস্বরূপ আজকের দিনের প্রথম ম্যাচ আমরা খেলিনি। বিসিবি বলছে, তাদের ৪৮ ঘণ্টার একটি প্রক্রিয়া রয়েছে। বিসিবি যদি মিডিয়ার সামনে এসে জানায় যে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে (নাজমুল ইসলামকে) বহিষ্কার করা হবে, তাহলে আমরা দ্বিতীয় ম্যাচ খেলব। অন্যথায়, আবারও ম্যাচ বয়কট হলে তার দায়ভার ক্রিকেটারদের নয়, সংশ্লিষ্টদের ওপরই থাকবে।’