Print

সারাদিন

আসন্ন নির্বাচনে আ’লীগ সমর্থকরাও নির্বিঘ্নে ভোট দেবে: শফিকুল আলম

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্, জানুয়রী ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজনও কি সাড়ে ১৫ বছর একটি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে।’

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোও এই নির্বাচন নিয়ে আগ্রহী এবং আত্মবিশ্বাসী। তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক মহল সংশয় প্রকাশ করছে না বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় আসছে মূলত ইউটিউব ও টিকটকের কিছু কনটেন্ট থেকে। কিছু লোক বেশি ভিউ পাওয়ার জন্য এসব কথা বলছে। এই নির্বাচন ডিস্টার্ব করার মতো ক্ষমতা কারও নেই।’

আওয়ামী লীগের রাজনৈতিক সক্ষমতা নিয়ে মন্তব্য করে শফিকুল আলম বলেন, ‘নভেম্বরে আমরা দেখেছি তারা কী করতে পারে। তাদের নেত্রীর বিচারের রায়ের সময় তারা হরতাল ডেকেছিল। তারা দুই-একটা ককটেল নিক্ষেপ করেছে, কিছু গির্জায় ককটেল মেরেছে, কিছু বাসে আগুন দিয়েছে এবং একজন মানুষকে হত্যা করেছে। এর বাইরে তারা আর কী পারে? তারা কি বড় কোনো মিছিল ডাকতে পারে, তাদের মিছিলে কি কেউ যায়?’

তিনি আরও বলেন, ‘যারা ডলার বিদেশে নিয়ে গেছে, তারা এতটা বোকা না যে আবার সেই ডলার দেশে পাঠিয়ে মিছিল করাবে। তারা জানে, তাদের নেত্রী আর দেশে ফিরছেন না। এখন সেই অর্থ অন্য খাতে ব্যয় করছে।’

Nagad
Nagad

আওয়ামী লীগ প্রসঙ্গে বহির্বিশ্বের অবস্থান উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে কোনো চাপ নেই। ভয়ানক গুম, খুন এবং ডাকাতির রাজ্য তারা কায়েম করেছিল—এটা বিশ্বের সব দেশ জানে। তাদের হয়ে কেউ এখন বলছে না যে আবার সুযোগ দেওয়া হোক।’

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু মিয়া, সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন, পীযূষ কান্তি আচার্য, সাবেক সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদাসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা।