প্রকাশিত: ৫:১৯ অপরাহন, জানুয়রী ১৭, ২০২৬
সারাদিন ডেস্ক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার হয়েছে। এর বেশিরভাগই ছিল প্রকাশ্য দিবালোকে সংঘটিত ব্যাংক ডাকাতির মতো ঘটনা। তবে একটি উল্লেখযোগ্য অংশ এসেছে হিসাবনিকাশের (অ্যাকাউন্টিং) কারসাজির মাধ্যমে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও সম্মিলিত উদ্যোগকে সমর্থন করে। আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের সহযোগিতামূলক সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণের পক্ষে।
তিনি বলেন, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ, পেশাজীবী ও চিন্তাবিদদের এই সম্মেলনে একত্রিত হতে দেখে তিনি আশাবাদী। তাদের আলোচনা ও মতামত ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের জন্য সততা, জবাবদিহি ও উদ্ভাবনের ওপর সমান গুরুত্ব দেওয়ার দিকনির্দেশনা দেবে।
মো. তৌহিদ হোসেন আরও বলেন, আমরা দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির যুগে বসবাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবন বিশ্বজুড়ে বিভিন্ন পেশাকে রূপান্তরিত করছে। একই সঙ্গে ব্যবসা ও প্রশাসনে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও নৈতিক চর্চার গুরুত্ব বাড়ছে।
তিনি বলেন, বাংলাদেশের জন্য প্রযুক্তি ও টেকসই সক্ষমতার সমন্বয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সংহতি জোরদার করতে পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক ও সামাজিকভাবে দায়বদ্ধ হতে হবে। এ ধরনের সম্মেলন জ্ঞান বিনিময়, সেরা চর্চা ভাগাভাগি এবং কার্যকর সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের উদ্যোগ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।