প্রকাশিত: ৭:২৩ অপরাহন, জানুয়রী ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ কাউন্সিলের ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) এক্সপ্লোরেটরি গ্রান্ট প্রকল্পের আওতায় যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির (বিসিইউ) একটি প্রতিনিধি দল সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছে।
এই প্রকল্পের লক্ষ্য ডিজিটাল ম্যানুফ্যাকচারিং শিক্ষায় পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিসিইউ-এর প্রফেসর ড. জাভিদ বাট। তাঁর সঙ্গে ছিলেন ড. মুহাম্মদ আদনান এবং ড. মো. আশিকুল আলম খান। পরিদর্শনকালে এআইইউবি ও বিসিইউ-এর কর্মকর্তাদের মধ্যে কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় প্রকল্পের লক্ষ্য, প্রশিক্ষণ কার্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং মান নিশ্চিতকরণ প্রক্রিয়া গুরুত্ব পায়।
প্রকল্পের অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে আয়োজন করা হয় ডিজিটাল ম্যানুফ্যাকচারিং সক্ষমতা-বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচি। পাঁচটি মডিউলে পরিচালিত এই প্রশিক্ষণে ইন্ডাস্ট্রি ৪.০ থেকে ৬.০, ডিজিটাল টুইন ও সিমুলেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, অটোমেশন এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এই প্রশিক্ষণে মোট ১৮৫ জন শিক্ষার্থী ও পেশাজীবী অংশগ্রহণ করেন এবং সার্টিফিকেশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ নারী, যা প্রযুক্তি শিক্ষায় নারী অংশগ্রহণ বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া, এই উদ্যোগের অংশ হিসেবে ৮ম আইইওএম বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তৃতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সহযোগিতা ও একাডেমিক জ্ঞান বিনিময় আরও জোরদার করা হয়।