প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও মেম্বার্স রিট্রিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) গাজীপুরের কাজী রিসোর্টে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পের বিকাশে বাক্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এ খাতে এক লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বছরে প্রায় এক বিলিয়ন ডলার বৈদেশিক আয় হচ্ছে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় ও তিন লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে বাক্কো।
এ সময় তিনি আইটি ও টেলিকম খাতে নীতিগত সংস্কার, অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রহণ এবং জাতীয় তথ্যের কার্যকর ব্যবহার ও সিংক্রোনাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন।
এরপর বাক্কোর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বিগত সভার কার্যবিবরণী, চলতি বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি অর্থ সম্পাদক মো. আমিনুল হক ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাক্কো মেম্বার্স রিট্রিট। এতে বাক্কো প্রিমিয়ার লিগ ২০২৬, ফুটবল চ্যাম্পিয়নশিপ, ড্রইং ফেস্ট, এয়ার গান বেলুন শট, রিং গেম, মিউজিক্যাল পিলো ওয়ারসহ নানা বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কোর জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবুল খায়ের, সহ-সভাপতি মো. তানজিরুল বাসার, পরিচালক আবু দাউদ খান, আব্দুল কাদের, সায়মা শওকতসহ সংগঠনের সদস্যরা।
সমাপনী বক্তব্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবুল খায়ের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বাক্কোর ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর ছিল রিচস্যাভি সলিউশনস লিমিটেড, কাজী রিসোর্ট ও সিনার্জি বিজনেস সলিউশন। গোল্ড ও সিলভার ক্যাটেগরিতেও একাধিক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করে। দিনের শেষ পর্বে ‘দ্য সুফি ব্যান্ড’-এর শিল্পী ইসমাইল হোসেনের সঙ্গীত পরিবেশনা, পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।