Print

সারাদিন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

প্রকাশিত: ৭:০৩ অপরাহন, জানুয়রী ২০, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্কশপ অন টিচিং মেথডলজি এন্ড এসেসমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম শহরের বাইরে অবস্থিত ১২টি নার্সিং কলেজের দুইজন করে মোট ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ুন কবীর তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সহকারী অধ্যাপক ডা. থানাদার তামজিদা তাপু এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিকেল এডুকেশন) ডা. আফরোজা হক।

কর্মশালার প্রথম দিনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ডা. থানাদার তামজিদা তাপু ও ডা. আফরোজা হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের নার্সিং শিক্ষার মান ও সেবার গুণগত উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নার্সিং শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

Nagad
Nagad

আগামী ২১ জানুয়ারি ২০২৬ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

উল্লেখ্য, গত মে ২০২৫ মাসে এই প্রশিক্ষণের প্রথম পর্বে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম শহরের ১১টি নার্সিং কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেছিলেন।

বাংলাদেশে এই প্রথম চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং পেশার শিক্ষকদের জন্য ট্রেনিং অফ দ্যা ট্রাইনার্স (টিওটি) ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল।