Print

সারাদিন

১৬ বছর জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান

প্রকাশিত: ১:৪৬ অপরাহন, জানুয়রী ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বিগত ১৬ বছরে উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। দেশে ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। অতীতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে। ভবিষ্যতেও জনগণ ঐক্যবদ্ধভাবে সব অপচেষ্টা রুখে দেবে।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Nagad
Nagad

এই জনসভাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই সিলেট নগরী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদরাসা মাঠ।

তারেক রহমানের সফর ও জনসভাকে ঘিরে সিলেট নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।