Print

সারাদিন

নির্বাচন ঘিরে সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশিত: ৭:২৯ অপরাহন, জানুয়রী ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নিজ নিজ নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।

Nagad
Nagad