প্রকাশিত: ৭:৫৯ অপরাহন, জানুয়রী ২৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচন চলাকালে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারত্ব বজায় রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।