Print

সারাদিন

এআইইউবিতে ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহন, জানুয়রী ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর দশম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন হয় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এবং সমাপনী অনুষ্ঠিত হয় শনিবার (২৪ জানুয়ারি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এআইইউবি-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার নিহাদ কবীর।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাননীয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও মাননীয় বিচারপতি জাফর আহমেদ, বিশিষ্ট আইনজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট প্রবীর নিয়োগী এবং এআইইউবি-এর সাবেক উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. কারমেন জিটা লামাগনা।

এবারের জেসাপ ন্যাশনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন মুনতাহার আহমেদ ঠাকুর।

ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা হিসেবে পরিচিত। বাংলাদেশ কোয়ালিফাইং পর্ব বর্তমানে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম যোগ্যতা পর্ব হিসেবে স্বীকৃত। এ বছর দেশের ৪৮টি বিশ্ববিদ্যালয়ের ১৯২ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের আইন শিক্ষার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।

২০২৬ সালের বাংলাদেশ কোয়ালিফাইং পর্ব আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং হার্থ বাংলাদেশ। এছাড়া অনুষ্ঠানে এআইইউবি-এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad