Print

সারাদিন

নির্বাচনে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা: মহাপরিচালক

প্রকাশিত: ৬:০৯ অপরাহন, জানুয়রী ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি জানান, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্বে থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক।

তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ভোটার, ভোটকেন্দ্র, ব্যালট এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আচরণবিধি সংক্রান্ত নির্দেশনা এবং পরিস্থিতি মোকাবিলায় এসটিএক্স অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

Nagad
Nagad

কক্সবাজারকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি রোহিঙ্গা উপস্থিতিজনিত সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজিবির পেশাদার ও নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে ভোটাররা শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।