প্রকাশিত: ৪:১৪ অপরাহন, জানুয়রী ২৯, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
সারাদেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দুপুর সোয়া ১২টায় বিমানযোগে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার বাসা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার মধ্যেই মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মী-সমর্থকরা।
এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন। তারা হলেন-শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম ও আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।
রাজশাহীর সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা দেবেন। বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনী জনসভায় এবং রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার তিনি রংপুরে যাবেন। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার আরও দুটি নির্বাচনী জনসভা রয়েছে। সফরকালে তিনি বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে দুদিন রাত্রিযাপন করবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে জনসভায় বক্তব্য রাখছেন তিনি।