Print

সারাদিন

প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৫:৫৯ অপরাহন, ফেব্রুয়ার ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করছে। প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো রাজনৈতিক বক্তব্য বলেই মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “যার যার বক্তব্য সে সে দেবে। পলিটিক্যাল বক্তব্য একেকজন একেকভাবে দেবে। প্রশাসন তার দায়িত্ব অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে।”

নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, পাঁচ হাজার কোস্টগার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এবারের নির্বাচনে বিএনসিসি (বিএনসিসি) সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে, যাতে কোনো অপরাধী পার পেতে না পারে।

Nagad
Nagad

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আগের মতো এবারও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদী।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এতে পুলিশের আইজিপি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানসহ বরিশাল বিভাগের ছয় জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।