Print

সারাদিন

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা চালু

প্রকাশিত: ৭:৪৪ অপরাহন, ফেব্রুয়ার ২, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং সেবাবঞ্চিতদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা বিস্তারের লক্ষ্য নিয়ে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জায়তুন ফিনটেক লিমিটেড। এ অংশীদারিত্বের মাধ্যমে দেশে সমন্বিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন চালু করা হবে, যা নিরাপদ ও সহজ ব্যাংকিং এবং পেমেন্ট সেবার সুযোগ বৃদ্ধি করবে।

চুক্তির আওতায় বাংলা কিউআর মার্চেন্ট অ্যাকোয়ারিং সার্ভিস চালু করা হবে, যা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা এবং আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটাবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জায়তুন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান মো. আরফান আলী।

চুক্তি অনুযায়ী, জায়তুন ফিনটেক লিমিটেড পেমেন্ট সিস্টেম অপারেটর ও হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকোয়ারার হিসেবে কাজ করবে। তারা কমিউনিটি ব্যাংকের বিস্তৃত দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ও মার্চেন্ট অ্যাকোয়ারিং সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, হেড অব এজেন্ট ব্যাংকিং এস কে পারভেজ মারেকার, হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম, সিআইটিও মোঃ তানজীম মোর্শেদ ভূঁইয়া, হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

জায়তুন ফিনটেক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক সাবিত ইসরার, পরিচালক আকবর হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Nagad
Nagad

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে।