Print

সারাদিন

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিলের নির্দেশ বিটিআরসির

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্, ফেব্রুয়ার ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ায় এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে।

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম পরিবর্তন, ফোন অন্যের কাছে হস্তান্তর কিংবা বিক্রির আগে সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে ফোনটির নিবন্ধন বাতিল করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম কেনার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশন।

ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে, কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করতে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে সহায়তা নিতে বলা হয়েছে।

Nagad
Nagad