Print

সারাদিন

নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান, নাহিদের বাসায় ৪৫ মিনিট

প্রকাশিত: ১০:৫৫ অপরাহন, ফেব্রুয়ার ১৫, ২০২৬

সারাদিন ডেস্ক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাতে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাসার সামনে গাড়ি থেকে নামার পর উপস্থিত নাহিদ ইসলাম ও পঞ্চগড়-১ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সারজিস আলমকে দেখে বুকে টেনে নেন তারেক রহমান। পরে তিনি বাসায় প্রবেশ করেন। সেখানে প্রায় ৪৫ মিনিট অবস্থান শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে বেরিয়ে যান বিএনপি চেয়ারম্যান।

জানা গেছে, নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলটির আরও নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে সাক্ষাৎ শেষে সেখান থেকে নাহিদের বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরাও শপথ নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্বে তারেক রহমানের শপথ নেওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।

Nagad
Nagad