Print

সারাদিন

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

প্রকাশিত: ৮:০১ অপরাহন, ফেব্রুয়ার ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির। আর বিরোধী দলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত বিরোধী দলীয় সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সংসদে বিরোধী দলের নেতৃত্ব কাঠামো নির্ধারণের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা।

উল্লেখ্য, শপথগ্রহণের আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল,বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে দলটির কেউ এমপি হিসেবে শপথ নেবে না। এ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন।

Nagad
Nagad