Print

সারাদিন

একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ১০:২০ অপরাহন, ফেব্রুয়ার ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপনের আয়োজন হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুই দিন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত অন্তত দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পে যথেষ্ট সংখ্যক চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ থাকবে।

রোববার স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি ও সমন্বয় নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং দেশের সব স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে দিবস উদ্‌যাপন করা হবে।

চিকিৎসা ক্যাম্প ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রস্তুত রাখা হবে। ভিড় ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত জনবল নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। পুষ্পস্তবক অর্পণের জন্য সংশ্লিষ্টরা ২০ ফেব্রুয়ারি রাত ১০টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।

Nagad
Nagad