Print

সারাদিন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৪ অপরাহন, ফেব্রুয়ার ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়; অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।

মানি লন্ডারিংয়ের অপরাধে পৃথকভাবে আরও ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, সম্রাট পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়নি। ২ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং অভিযোগপত্রে থাকা ২১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলাটি ২০১৯ সালের ১২ নভেম্বর দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১৭ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

Nagad
Nagad