প্রকাশিত: ৫:৩৬ অপরাহন, মার্চ ১, ২০২৬
সারাদিন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই এবার ওমান উপকূলে একটি তেল ট্যাংকার ও কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।
ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’-এ অতর্কিত হামলা চালানো হয়। হামলায় জাহাজে থাকা চারজন ক্রু সদস্য আহত হন। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ট্যাংকারে থাকা ২০ জন ক্রু সদস্যকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে হামলার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ওমানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে একজন প্রবাসী কর্মী আহত হয়েছেন।
উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আঞ্চলিক রাজনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের উপকূলীয় এলাকা ও বন্দর হামলার লক্ষ্যবস্তু হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা আরও বেড়েছে।