Print

সারাদিন

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ ও স্যাটেলাইট ভূকেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী

প্রকাশিত: ৪:৩০ অপরাহন, মার্চ ৩, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম গাজীপুরে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড–এর টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না; পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

সচিব আব্দুন নাসের খান জানান, প্রশিক্ষণ কেন্দ্রকে শুধু সরকারি কোর্সে সীমাবদ্ধ না রেখে সরকারি–বেসরকারি সবার জন্য উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফায়েড কোর্স চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে একটি স্পষ্ট কর্মপরিকল্পনা দিতে হবে—কোর্স চালু, আধুনিকায়ন ও প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবসহ। লক্ষ্য হলো টেলিযোগাযোগ স্টাফ কলেজকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা।

Nagad
Nagad

পরিদর্শন শেষে মন্ত্রী উপগ্রহ ভূকেন্দ্র এলাকায় গাছের চারা রোপণ করেন। এ সময় স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।