Print

সারাদিন

রাঙ্গামাটিতে এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ

প্রকাশিত: ৩:২৪ অপরাহন, মার্চ ৬, ২০২৬

সারাদিন ডেস্ক

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতা একযোগে পদত্যাগ করেছেন। তারা দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগ করা নেতারা হলেন-এনসিপির রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, সংগঠনিক সম্পাদক মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা। পদত্যাগপত্রের লিখিত কপি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন তারা।

উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে লিখেছেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দলটিকে একসময় বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে দেখেছিলেন। তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি তাদের স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে তার পক্ষে সেই আদর্শকে ধারণ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি দলীয় পদ থেকেও পদত্যাগ করেছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও উজ্জল চাকমার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, তিনি শুনেছেন জেলা শাখার আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নাকি পদত্যাগ করেছেন। তবে তার কাছে এখনো কোনো লিখিত আবেদন পৌঁছায়নি। হঠাৎ করে এভাবে গণহারে পদত্যাগের কারণ সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

Nagad
Nagad