প্রকাশিত: ১২:০৭ অপরাহন, মার্চ ৭, ২০২৬
সারাদিন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। এবার শহরের বিভিন্ন সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী নতুন করে এই হামলা শুরু করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিম অংশে একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে আবারও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাশাপাশি ইসরায়েলের ভেতরেও হামলা অব্যাহত রাখে দেশটি।
বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।