Print

সারাদিন

মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৮:০৪ অপরাহন, মার্চ ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল রিফাত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে মাটিতে গর্ত করে পানির ট্যাংক বসিয়ে সেখানে জ্বালানি তেল মজুদ করা হয়েছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় মাটির নিচে বসানো ট্যাংকিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদ রাখা অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্স’-এর মালিক রুবেল ইসলামকে বেআইনিভাবে জ্বালানি তেল সংরক্ষণের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীকালের মধ্যে এসব তেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

রুবেল ইসলাম নিংগইন ভাটোপাড়া মহল্লার বেল্লাল হোসেনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট আইনে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Nagad
Nagad

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।