Print

সারাদিন

বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানিমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৫ অপরাহন, মার্চ ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৮ মার্চ) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছেছে। রোববার সকাল ১১টার দিকে একটি তেলভর্তি জাহাজ দেশে এসেছে এবং একই দিনে আরও একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজিসহ মোট আটটি জ্বালানিবাহী জাহাজ এসে নোঙর করেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার মধ্যে এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রির সীমা নির্ধারণ করে। তবে সরকার জানিয়েছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Nagad
Nagad