Print

সারাদিন

মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি

প্রকাশিত: ৩:২১ অপরাহন, মার্চ ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

মালদ্বীপে একটি নির্মাণকাজের শ্রমিকদের গেস্টহাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দিগুড়া দ্বীপে একটি নির্মাণস্থলের গেস্টহাউসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাতজন বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এছাড়া গুরুতর আহত দুই বাংলাদেশির নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Nagad
Nagad

তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। মর্মান্তিক এই ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।