Print

সারাদিন

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মাগুরার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে আরেক প্রজ্ঞাপনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং বিশেষ শাখায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার প্রধান এবং অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Nagad
Nagad