Print

সারাদিন

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ৩:১০ অপরাহন, মার্চ ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

খুলনার খুলনা নগরীতে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে যান। সেখানে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে সেই সূত্র ধরে রাশিদুলের বাড়িতে যাতায়াত শুরু করেন ইমরান।

এরই মধ্যে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন ইমরান এবং প্রতিশোধ নিতে এ হামলা চালান বলে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, পরকীয়াজনিত বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত ছয়জনকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Nagad
Nagad