প্রকাশিত: ১২:১০ অপরাহন, মার্চ ২০, ২০২৬
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার দিক থেকে আসা একটি পিকআপে পরিবারের সদস্যরা বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি লাকড়িবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছরের ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮) রয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি বাড়ে।
পরে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।