Print

সারাদিন

রোহিঙ্গা ইস্যুতে হাসিনা সরকারের সমালোচনা শামা ওবায়েদের

প্রকাশিত: ৯:০৬ অপরাহন, মার্চ ২৩, ২০২৬

সারাদিন ডেস্ক

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি দাবি করেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং অতীতে দলটি এ বিষয়ে সফলভাবে কাজ করেছে। তবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসিনা সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি হয়নি।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট কেবল কূটনৈতিক নয়, বরং রাজনৈতিক ইস্যু হিসেবেও বিবেচনা করতে হবে। সমাধানের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে নতুন মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, এই সংকট সমাধানে শুধু দ্বিপাক্ষিক উদ্যোগ যথেষ্ট নয়। আসিয়ান, চীন, ভারতসহ মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

Nagad
Nagad

বাংলাদেশের মানবিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কৌশলগতভাবে এগোতে হবে।

এসময় সীমান্ত পরিস্থিতিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতার সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।

এছাড়া, শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে বিচার চলছে, তাদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।