প্রকাশিত: ১:৩৭ অপরাহন, মার্চ ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
ইরানের সঙ্গে চলমান সংঘাতে জয় অর্জনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউস-এ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, যুদ্ধের ফলে ইরান-এর নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এমনকি দেশটির নেতৃত্ব কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি।
শান্তি আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ট্রাম্প জানান, তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সরাসরি ইরানের সঙ্গে আলোচনায় রয়েছেন। এ প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও যুক্ত আছেন।
ট্রাম্পের দাবি, ইরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে।
তিনি আরও জানান, তেল-গ্যাস সংক্রান্ত বিষয়ে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘গুরুত্বপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে উপসাগরীয় দেশগুলোর ভূমিকার প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাত-কে ‘চমৎকার’ এবং কাতার-কে ‘দুর্দান্ত’ হিসেবে অভিহিত করেন তিনি।
তবে ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ এসেছে দাবি করলেও ট্রাম্প সতর্ক করে বলেন, “আমি কাউকে বিশ্বাস করি না।” তার মতে, বর্তমানে ইরানের সবচেয়ে বড় সংকট হলো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া।