প্রকাশিত: ৪:৫৩ অপরাহন, মার্চ ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে পেট্রোল পাম্প মালিকসহ কেউ তেল মজুত করে লাভবান হতে পারবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা।
উপদেষ্টা বলেন, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে অনেক দেশই চাপের মধ্যে রয়েছে। তবে সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, ‘প্যানিক বায়িং বা আতঙ্কে অতিরিক্ত তেল কেনার প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তুলছে। কেউ যদি মনে করেন তেলের দাম হঠাৎ বাড়বে—তা সঠিক নয়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, দাম বাড়ানো হচ্ছে না।’
তিনি আরও জানান, ঈদের আগে স্বাভাবিক হিসাবের তুলনায় কয়েক দিনের তেল সরবরাহ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে, যা মূলত আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটার ফল।
সরকার চাইলে অভ্যন্তরীণভাবে তেলের দাম বাড়াতে পারতো উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে বেশি দামে তেল কিনলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় সেই পথে যায়নি সরকার।
তিনি বলেন, ‘তেলের দাম বাড়ালে সরাসরি মূল্যস্ফীতি বাড়ে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সেটি আরও চাপ সৃষ্টি করতো। তাই সরকার জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়নি।’
এদিকে গ্যাস সরবরাহ নিয়েও কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও প্রয়োজনীয় সব গ্যাস পাওয়া নাও যেতে পারে। এজন্য সরকার স্পট মার্কেট থেকেও গ্যাস সংগ্রহের চেষ্টা করছে। সবশেষে তিনি বলেন, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনায় কোথাও সমন্বয় ঘাটতি থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে এবং জনগণকে সঠিক তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।