Print

সারাদিন

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:৪৮ অপরাহন, মার্চ ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি উপলব্ধি করেছেন যে বর্তমান পোশাক নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। ঐতিহ্যবাহী ও মানানসই একটি নতুন পোশাক নির্ধারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার পুলিশ বাহিনীকে কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে নয়, বরং জনগণের বন্ধু হিসেবে দেখতে চায়। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনীতে রূপান্তরই সরকারের লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে জনবল বৃদ্ধি, সংস্কার উদ্যোগ এবং একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Nagad
Nagad

এবারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার অংশ নেন, যার মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী।

প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন মো. ফাহিম ফয়সাল। এছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ পান মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ পান শাওন রেজা এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন বাপী কুমার দাশ।