Print

সারাদিন

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

প্রকাশিত: ৬:০৭ অপরাহন, মার্চ ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণীর ইন্তেকালের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা জানান।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা স্পিকারসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই শোক সইবার শক্তি কামনা করেন।

উল্লেখ্য, শনিবার বেলা দেড়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দিলারা হাফিজ দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Nagad
Nagad