প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্, মার্চ ২৯, ২০২৬
সারাদিন ডেস্ক
গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২১ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি-র খবরে বলা হয়, শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা।
এর আগে শুক্রবার ভোরে গ্রিসের কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপ-এর কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং ১ জন চাদের নাগরিক।
উদ্ধারপ্রাপ্তদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, নৌকায় থাকা মানবপাচারকারীদের একজনের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগর-এ ফেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ দু’জনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ২১ মার্চ তোবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রাপথে দিক হারিয়ে ফেলার কারণে যাত্রীরা খাবার ও পানি ছাড়াই ছয় দিন সমুদ্রে ভাসতে থাকেন।
গ্রিস কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানের দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের মানবপাচারকারী সন্দেহে ‘অবৈধ অনুপ্রবেশ’ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন-এ রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীদের জন্য গ্রিস অন্যতম প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।