Print

সারাদিন

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্, মার্চ ৩০, ২০২৬

সারাদিন ডেস্ক

নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের অন্তত আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা একাত্মতা প্রকাশ করেছেন।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি কোম্পানির জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তেল সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, আটক শ্রমিকদের মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

এদিকে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

Nagad
Nagad