Print

সারাদিন

রানবন্যার ম্যাচে কেকেআরকে হারালো মুম্বাই, ২২০ রানও কম পড়ল

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্, মার্চ ৩০, ২০২৬

সারাদিন ডেস্ক

আইপিএলের শুরুতেই বোলারদের জন্য দুঃসংবাদ। প্রথম ম্যাচের ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচেও দেখা গেল রানবন্যা। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে হয়েছে মোট ৪৪৪ রান, যেখানে ২২০ রান করেও হারতে হয়েছে কেকেআরকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বল হাতে রেখে ৬ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স-কে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কেকেআর। ওপেনিং জুটিতে আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন যোগ করেন ৬৯ রান।

ফিন অ্যালেন ১৭ বলে ৩৭ রান করে ফিরলেও রাহানে খেলেন ৪০ বলে ৬৭ রানের দারুণ ইনিংস। শেষ দিকে অঙক্রিশ রঘুবংশি ২৯ বলে ৫১ এবং রিঙ্কু সিং ২১ বলে অপরাজিত ৩৩ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে কেকেআর। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর নেন ৩ উইকেট।

২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে মুম্বাই। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও রায়ান রিকেলটন গড়েন ১৪৮ রানের জুটি।

রোহিত ৩৮ বলে ৭৮ রান করে আউট হন, যেখানে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। অন্যদিকে রিকেলটন ৪৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন, মারেন ৪টি চার ও ৮টি ছক্কা।

Nagad
Nagad

পরবর্তীতে সূর্যকুমার যাদব (৮ বলে ১৬), তিলক ভার্মা (১৪ বলে ২০) এবং হার্দিক পান্ডিয়া (১১ বলে অপরাজিত ১৮) সহজেই দলের জয় নিশ্চিত করেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই, তুলে নেয় দাপুটে জয়।