প্রকাশিত: ৩:৩৭ অপরাহন, এপ্রিল ১, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক পর্যায়ে অভিযানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে এ কথা জানান ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।
তিনি বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে, কিন্তু পুনরায় ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু তিনি আরও বলেন, এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সেসবের সঙ্গে ব্যবসায়ীদের রুটি রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা অ্যাকশনে যাব, জরিমানা করব ও মালামাল জব্দ করব।
তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা, পাশাপাশি অবৈধ দখল রোধ করা।