প্রকাশিত: ৭:৪৪ অপরাহন, এপ্রিল ১, ২০২৬
সারাদিন ডেস্ক
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে আলোচনা ও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জোটসঙ্গী এনসিপি।
বুধবার (১ এপ্রিল) সংসদের বৈঠকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে তিনি আগের দিনের মুলতবি প্রস্তাব নিয়ে স্পিকারের কাছে সিদ্ধান্ত চান।
তিনি অভিযোগ করেন, তাদের প্রস্তাব চাপা দিতে স্বতন্ত্র সদস্যের মাধ্যমে নতুন একটি প্রস্তাব আনা হয়েছে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি একটি মুলতবি প্রস্তাব এবং সংসদীয় ইতিহাস অনুযায়ী খুব কম সংখ্যক মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি জানান, আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং বিরোধী দলের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হবে।
তবে সন্তোষ প্রকাশ না করে বিরোধী দলীয় নেতা বলেন, বিষয়টি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হলেও তারা প্রতিকার পাননি। এরপরই তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নেন।
এ সময় স্পিকার তাদের ফিরে আসার আহ্বান জানালেও বিরোধী দল তা উপেক্ষা করে সংসদ কক্ষ ত্যাগ করে। পরে স্পিকার জানান, সংসদীয় রীতি অনুযায়ী ওয়াকআউটের সুযোগ রয়েছে এবং পরবর্তী আলোচনার সুযোগও থাকবে।