প্রকাশিত: ১০:১৩ অপরাহন, এপ্রিল ১, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য এবং ‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী এ পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে সরকারি খাতে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন বলেও তিনি জানান।
শ্রেণিভিত্তিক তথ্য অনুযায়ী-প্রথম শ্রেণিতে কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
তৃতীয় শ্রেণিতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন, শূন্য পদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
এছাড়া অন্যান্য পদে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন এবং শূন্য রয়েছে ৮ হাজার ১৩৬টি পদ।
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।