Print

সারাদিন

তিন দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

প্রকাশিত: ৫:৩০ অপরাহন, এপ্রিল ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি মি উই ৫-এ রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজ শুরু হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে টানা তিন দিন দেশের ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। এ সময়ে আংশিক বিঘ্নও ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত এই ক্যাবল সিস্টেমে শনাক্ত হওয়া ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী কাজ চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।

বিএসসিসিএল জানায়, মেরামত চলাকালে এই ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীরগতি বা আংশিক বিঘ্নের সম্মুখীন হতে পারেন। বিশেষ করে আন্তর্জাতিক ব্যান্ডউইথনির্ভর সেবাগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে বিকল্প হিসেবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি মি উই ৪ সচল থাকবে। ফলে পুরো দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে না, তবে স্বাভাবিক গতির তুলনায় ধীরগতির সমস্যা দেখা দিতে পারে।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের আশা করছে কর্তৃপক্ষ।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।

Nagad
Nagad