Print

সারাদিন

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান জোরদার

প্রকাশিত: ৩:৪৪ অপরাহন, এপ্রিল ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

বাংলাদেশের বাজারে বহুজাতিক ও স্থানীয় বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নকল ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়ে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে বাজারে প্রবেশ করছে। এতে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন।

সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকার চাঁনখারপুল-সংলগ্ন স্থানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গ্রে চ্যানেলের মাধ্যমে বাজারে আসা বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের অবৈধ পণ্য শনাক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করে, যা তুলনামূলক কম দামে বাজারে পাওয়া যায়। তবে অনেক ভোক্তাই বিষয়টি সম্পর্কে অবগত নন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে তাদের ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য। এ সময়ের মধ্যে তারা এসব পণ্য বিক্রি করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সুরক্ষা ও বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অভিযান ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নকল ও অবৈধ পণ্যের প্রবাহ কমানো সম্ভব, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

Nagad
Nagad