Print

সারাদিন

ঢাকায় প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো, পর্দা উঠছে ১৩ এপ্রিল

প্রকাশিত: ২:৪৯ অপরাহন, এপ্রিল ১১, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

রাজধানীতে আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো ২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ মেলায় দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

আগামী ১৩ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।

অন্যদিকে, ১৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এদিন সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘গ্র্যান্ড মেজবান’।

যা থাকছে প্রদর্শনীতে
মেলায় প্রযুক্তিপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘এক্সপেরিয়েন্স জোন’। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস এবং আইওটি (IoT) ভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবেন। এছাড়া দেশি-বিদেশি তথ্য ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো তাদের সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। মেলা প্রাঙ্গণে থাকছে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও স্পন্সর প্রতিনিধিরা।

Nagad
Nagad

এবারের আয়োজনে প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। এছাড়া ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে আম্বার আইটি, সি-ডাটা, এডিএন টেলিকম, লিংক থ্রি-সহ দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে।