প্রকাশিত: ৩:৫৪ অপরাহন, এপ্রিল ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
ইউরোপের দেশ স্পেন প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার সুযোগ দিতে একটি অ্যামনেস্টি কর্মসূচি অনুমোদন করেছে। এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অভিবাসীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত।
স্পেনের অভিবাসনমন্ত্রী ইলমা সেইজ জানিয়েছেন, যারা ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করেছেন এবং অন্তত পাঁচ মাস ধরে সেখানে অবস্থান করছেন, তারাই এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীদের কোনো অপরাধমূলক রেকর্ড না থাকার শর্ত রাখা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিবাসী দীর্ঘদিন ধরে স্পেনের শ্রমবাজারে কাজ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের বৈধ মর্যাদা দেওয়া একটি প্রয়োজনীয় ও ন্যায়সংগত সিদ্ধান্ত।
তবে এ সিদ্ধান্ত নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এ ধরনের উদ্যোগ অভিবাসন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং প্রশাসনিক চাপ বাড়াতে পারে।