প্রকাশিত: ৭:২৮ অপরাহন, এপ্রিল ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে টানা দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতেও কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।