Print

সারাদিন

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ১:১৭ অপরাহন, এপ্রিল ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে শীলখালী এলাকার বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে ভোররাত বা সকালে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাদের পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড় সংলগ্ন এলাকায় তিনটি মরদেহ দেখতে পেয়ে খবর দেন। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Nagad
Nagad

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।