Print

সারাদিন

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:২৯ অপরাহন, এপ্রিল ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্ত দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, ইউনিসেফ এ ক্ষেত্রে সহায়তা করেছে। তাদের মাধ্যমে দ্রুত হামের টিকা দেশে পৌঁছেছে, ফলে টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

সরকার প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।

এছাড়া হামের পরীক্ষার জন্য ব্যবহৃত কিটের স্বল্পতার বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, এ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কিট ঢাকার বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই টিকাদান ও পরীক্ষা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

Nagad
Nagad