Print

সারাদিন

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলে খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্, এপ্রিল ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিধান রেখে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খসড়াটি প্রণয়ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত হয়। ওই অর্ডারের আর্টিকেল ৩সি অনুযায়ী এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছেন।

তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ নেতার দিকনির্দেশনার আলোকে নতুন আইনের খসড়ায় এ পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।

খসড়াটি এখন পরবর্তী প্রক্রিয়া শেষে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

Nagad
Nagad