প্রকাশিত: ৬:১৬ অপরাহন, এপ্রিল ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের জনবল কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।
তিনি আরও জানান, নতুন করে সৃষ্ট ১৪ হাজার ৫০০ পদের মধ্যে থাকবে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ, ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই—নিরস্ত্র) পদ এবং ১০ হাজার কনস্টেবল পদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে ২ হাজার ৭০৩টি কনস্টেবল শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমান সরকারের সময় সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে। তিনি বলেন, এসব মামলায় এখন পর্যন্ত ৬০৪ জন হত্যা মামলার এবং ৫৩০ জন ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ১১ জন হত্যা মামলার এবং ৭১ জন ধর্ষণ মামলার আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গুরুতর অপরাধের এসব মামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।