প্রকাশিত: ৬:০৯ অপরাহন, মে ২, ২০২৬
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলায় সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েক ঘণ্টার ভারী বর্ষণে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে গিয়ে অনেক জায়গায় ‘সমুদ্র’সদৃশ দৃশ্যের সৃষ্টি হয়েছে।
সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের সংযোগ সড়কে হাঁটু সমান পানি জমে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।
পানি নিষ্কাশনের ড্রেন উপচে পড়ায় সড়কে ময়লা পানি ছড়িয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও জনস্বাস্থ্য ঝুঁকি। এ অবস্থায় রিকশা ও ইজিবাইক চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
পানির নিচে থাকা খানাখন্দ দেখা না যাওয়ায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে নিয়মিত। অনেক যানবাহন মাঝপথে বিকল হয়ে আটকে পড়ছে, যা ভোগান্তি আরও বাড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এ ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনজুড়েই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
উপজেলা প্রশাসনের কাছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।